ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে এক সপ্তাহ আগেই ঝলক দেখিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এবার আনুষ্ঠানিকভাবে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের অডিও।
‘দাই দাই’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বুর্না বয়। গানটি মুক্তির ঘোষণা দিয়ে আজ (শুক্রবার) ফিফা জানিয়েছে, এর থেকে প্রাপ্ত রয়্যালটি জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ তৈরির লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে, আর টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে সংস্থাটির।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, যা চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ফিফার পরিকল্পনা অনুযায়ী, নিউ জার্সিতে ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করতে পারেন ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস—যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।
বিশ্বকাপের মঞ্চে শাকিরা অবশ্য নতুন মুখ নন। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ থিম সং দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও তার পারফরম্যান্স মাতিয়েছিল দর্শকদের।