লাকী আখান্দের জন্মদিনে এলো অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’

বাংলা গানের কিংবদন্তি শিল্পী লাকী আখান্দের র ৭০তম জন্মদিন ৭ জুন। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁর সুরে তৈরি একটি অপ্রকাশিত গান। ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ, আর কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার।

আজব রেকর্ডস থেকে প্রকাশ পাওয়া গানটির গিটার ও সাউন্ড ডিজাইনের দায়িত্বে ছিলেন আহনাফ খান অনিক। কিবোর্ড বাজিয়েছেন রফিকুল ইসলাম ফরহাদ।

গানটি নিয়ে জয় শাহরিয়ার জানান, লাকী আখান্দের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ তাঁর হয়নি। তবে গীতিকবি গোলাম মোর্শেদের কাছে লাকী আখান্দের সুরে তৈরি কিছু অপ্রকাশিত গান রয়েছে জানতে পেরে তিনি একটি গান করার আগ্রহ প্রকাশ করেন। সেই আগ্রহের ফল হিসেবেই পেয়েছেন ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’। তাঁর ভাষায়, এই গান গাওয়ার মধ্য দিয়ে জীবনের একটি স্বপ্ন পূরণ হয়েছে। পাশাপাশি তিনি চেষ্টা করেছেন লাকী আখান্দের মূল সুরের আবহ অক্ষুণ্ন রাখতে।

গোলাম মোর্শেদ জানান, লাকী আখান্দের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের সম্পর্ক ছিল। তিনি গান লিখে দিতেন, আর লাকী আখান্দ সুর করে সেগুলো মোবাইলে সংরক্ষণ করতেন। সেই সূত্রে এখনও বেশ কয়েকটি অপ্রকাশিত গান তাঁর কাছে রয়েছে। জয় শাহরিয়ারের আগ্রহ ও ভালোবাসার কারণেই এই গানটি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গানটির লিরিক ভিডিও ৭ জুন বিকেল ৫টায় জয় শাহরিয়ার ও ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।