আমেরিকা প্রবাসী দক্ষিণ কোরিয়ান পপতারকা ইজের বৃহস্পতি তুঙ্গে! গত বছর মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ‘কে-পপ ডেমন হান্টারস’ ছবিতে ‘গোল্ডেন’ গানটির জন্য পেয়েছেন বিশ্বজুড়ে জনপ্রিয়তা। সেই সাফল্যের আমেজে বাজল বিয়ের ঘণ্টা! একই বছর নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিক, সংগীত প্রযোজক স্যাম কিমের সঙ্গে সেরে নিয়েছেন বাগদান। এবার পারফর্ম করলেন ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে। বলতে গেলে, হবু স্বামীকে নিয়ে ক্যারিয়ারের এক অন্যতম মাইলফলক পার করছেন ইজে। এবার মেক্সিকোতে বিশেষ ফ্রেমে ধরা পড়লেন এই হবু দম্পতি।
সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বকাপ মৌসুমে মেক্সিকোতে কাটানো বিশেষ মুহূর্তগুলো তুলে ধরেছেন গায়িকা। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার পর মেক্সিকো শহরে ঘুরে বেড়ানোর একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন বাগদত্তা স্যাম কিমও। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে একে অপরের গালে গাল চেপে পোজ দিয়েছেন তাঁরা।
ইনস্টাগ্রামে সেই পোস্টের ক্যাপশনে ইজে লিখেছেন, ‘কী এক অসাধারণ অভিজ্ঞতা! মেক্সিকো শহর, তুমি সুন্দর!’
সব ঠিক থাকলে চলতি বছর নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইজে ও কিম। তার আগে এই যুগলের ছবিগুলো ভক্তদের মনে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছে। মন্তব্যঘরে তাঁরাও দুজনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এস্তাদিও আজতেকার মঞ্চে উঠেছিলেন ইজে। এ সময় তিনি এবারের বিশ্বকাপ আসরের অফিশিয়াল গান ‘ডিএনএ’ পরিবেশন করেন। তাঁর সঙ্গে ছিলেন ইতালির গায়িকা টেনর আন্দ্রেয়া বোচেলি। যদিও এই গানের মূল সংস্করণে তাঁদের সঙ্গে ফরাসি ডিজে ডেভিড গুয়েটা ও মার্কিন র্যাপার মেগান থি স্ট্যালিয়নও রয়েছেন। গানটিতে কোরিয়ান ভাষায় কথাগুলো লিখেছেন ইজে নিজেই।
সূত্র: দ্য কোরিয়ান টাইমস