আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে। আর সেই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন ‘নগরবাউল’খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস।
দেশটির রাজধানী লিসবনে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘বাংলা লাইভ’ কনসার্ট। সেখানে নগরবাউল জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন আলোচিত নায়ক জায়েদ খান।
দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও এবারই প্রথম পর্তুগালে যাচ্ছেন এই চিত্রনায়ক। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে প্রথমবার পারফর্ম করতে যাওয়াকে নিজের ক্যারিয়ারের একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।
এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। বিষয়টি আমাকে ভীষণ রোমাঞ্চিত করছে। সেখানে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে আমাদের সংস্কৃতি ও বিনোদন তুলে ধরার সুযোগ পাব। ভাবতেই খুব ভালো লাগছে।’
আয়োজকদের তথ্যানুযায়ী, লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। সেখানে জেমস তাঁর কালজয়ী সব গান পরিবেশন করবেন। ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘তারায় তারায়’, ‘বাবা’, ‘মা’, ‘লেইস ফিতা লেইস’সহ দর্শকপ্রিয় অনেক গান নিয়ে মঞ্চ মাতাবেন তিনি।
এদিকে, জায়েদ খানও তাঁর স্বতন্ত্র স্টেজ পারফরম্যান্স, দর্শকদের সঙ্গে প্রাণবন্ত যোগাযোগ এবং বিশেষ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবেন বলে আশা আয়োজকদের।