ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেন, ‘সংবিধানের আওতায় থেকে নিজেদের অধিকারের দাবি জানানো প্রতিটি নাগরিকের অধিকার। বলপ্রয়োগের বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।’
পুলিশি পদক্ষেপের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে এবং বলপ্রয়োগের সমালোচনা করেন।
সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়াগুলোর একটি আসে সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কাছ থেকে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, ‘এবার তোমরা ছাত্রদের পেটাচ্ছ? তোমাদের কি লজ্জা করে না? মাননীয় মন্ত্রী ও নেতৃবৃন্দ, এসব হচ্ছেটা কী! তোমরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছ? সবকিছু মনে রাখা হবে।’
অরিজিৎ সিংয়ের এই পোস্ট অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। তাঁর বক্তব্যের পাশাপাশি আরও অনেক শিল্পী ও অভিনেতা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিজেদের মত প্রকাশ করেন।
শাবানা আজমি ও অরিজিৎ সিং ছাড়াও সানিয়া মালহোত্রা, ঈশান খাট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী, অহনা কুমরা, মহিমা মাকওয়ানা, নফিসা আলি, স্বানন্দ কিরকিরে, ফাতিমা সানা শেখ, হুমা কুরেশি, অনুরাগ কাশ্যপ এবং আলি ফজলসহ একাধিক তারকা পুলিশি অভিযানের সমালোচনা করে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান।
ঘটনার পর এই আন্দোলন শুধু একটি ছাত্র আন্দোলনের গণ্ডিতে সীমাবদ্ধ নেই বলেই মনে করছেন অনেকেই। পরীক্ষা ব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সবার।