ঢাকায় আসছেন পপ তারকা ওটিলিয়া

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।

দেশীয় ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠানটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন ওটিলিয়া। তাঁর সেই পোস্ট ঘিরে বাংলাদেশি ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন করে উন্মাদনা।

‘বিলিওনেরা’ গান দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। প্রকাশের পর গানটি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। গানটির জনপ্রিয়তার সুবাদে বাংলাদেশেও তাঁর আলাদা একটি শ্রোতাগোষ্ঠী তৈরি হয়েছে। ফলে দীর্ঘ বিরতির পর তাঁর ঢাকায় ফেরাকে ঘিরে আগ্রহও বেশ তুঙ্গে।

আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ইমেকার্স বাংলাদেশের। প্রতিষ্ঠানটির আয়োজনে এর আগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে অরিজিৎ সিং, নেহা কাক্করসহ বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীর কনসার্ট। এ ছাড়া নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট ও কনসার্ট ফর নেপালের মতো আলোচিত আয়োজনও করেছে তারা।

২০২২ সালে ঢাকায় এসে শাড়ি পরেছিলেন এ তারকা। ছবি: সংগৃহীতএবার সেই আয়োজনের তালিকায় যুক্ত হচ্ছে ওটিলিয়ার কনসার্ট। আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার জনপ্রিয়তা এবং ‘বিলিওনেরা’র মতো বিশ্বজোড়া পরিচিত গানকে কেন্দ্র করে অনুষ্ঠানটি দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম বড় আন্তর্জাতিক মিউজিক ইভেন্ট হয়ে উঠবে।

ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাইম আশরাফ জানান, পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের একটি আয়োজন উপহার দেওয়াই তাঁদের লক্ষ্য। 

এদিকে কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এসব বিস্তারিত তথ্য জানানো হবে।