ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে ‘বাংলা ফাইভ’ ড্রামারের হার্ট অ্যাটাক

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র বেদনাদায়কভাবে পাল্টাতে থাকে। স্ত্রীর জন্য জরুরি রক্ত প্রয়োজন—একের পর এক এমন পোস্ট দেন আদনান। তিনি জানান, তাঁর স্ত্রীর প্লাটিলেট মারাত্মক হারে কমে গেছে। অবশেষে আর ফেরানো গেল না শিরিন সুলতানাকে, তিনি এখন না ফেরার দেশে। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিরিন সুলতানা। এদিকে, স্ত্রীর আকস্মিক মৃত্যুর এই শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেছেন আদনান। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

পারিবারিক সূত্রে জানা যায়, আদনান রুশদী-শিরিন সুলতানা দম্পতির ৪ বছর বয়সের একটি পুত্রসন্তান রয়েছে। 

ড্রামার হিসেবে দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আদনান রুশদী। কখনও কখনও তাঁকে ভোকালিস্ট হিসেবেও দেখা গেছে। এ ছাড়া ‘চিরকুট’সহ দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ডের সঙ্গেও ড্রামস বাজিয়েছেন তিনি।

আদনানের পরিবারের এই কঠিন সময়ে গভীর শোকপ্রকাশ করেছে চিরকুট। এক ফেসবুক বার্তায় ব্যান্ডটি জানিয়েছে, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী ছিলেন এই ড্রামার। চিরকুট সদস্য ও ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা এবং পরিবারকে শোক সামলে ওঠার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন।