সংগীতপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান! রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় একমঞ্চে হাজির হচ্ছেন নগরবাউল’র জেমস ও আর্ক’র হাসান।
‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই বিশেষ কনসার্টে নগরবাউল ও আর্ক ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ, ‘অর্থহীন’ ও ‘শূন্য’।
কনসার্টটি প্রসঙ্গে এক ভিডিওবার্তায় জেমস বলেন, ‘দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ওয়ারফেজ’র সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন ব্যান্ডটির সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসান। পাশাপাশি একক পরিবেশনাতেও থাকবেন তিনি। এছাড়া জনপ্রিয় চিত্রনায়ক জসীমের ছেলে একে রাহুলও এই কনসার্টে পারফর্ম করবেন।
২০২২ সাল থেকে ‘রক এন রিদম’ সিরিজের কনসার্ট নিয়মিত আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজটির পঞ্চম আসর।
এর আগের আয়োজনগুলোর মধ্যদিয়ে রকসংগীতপ্রেমীদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে এই কনসার্ট সিরিজ। এবার একমঞ্চে জেমস-হাসানসহ পাঁচ জনপ্রিয় ব্যান্ডের উপস্থিতি ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে—এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা।