২ নভেম্বর জেমসের কনসার্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী মানেই দিনভর নানা আয়োজন। এবার সেই উৎসবে বাড়তি উন্মাদনা যোগ করতে আসছেন নগরবাউল জেমস। আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে গান শোনাবেন জনপ্রিয় এই মহাতারকা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে মঞ্চে উঠবেন জেমস। 

তবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুধু কনসার্টেই সীমাবদ্ধ থাকছে না। সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে। থাকবে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, চারুকলা অনুষদের চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভা।

এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। পরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই আয়োজনে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জবি সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের অধীনে অফসাইড, কোমল গান্ধার, কিম্ভূত ও স্বরূপ পরিবেশনা করবে।