মায়ের কবরের পাশে সমাহিত হবেন সংগীতশিল্পী সাহেদ

‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে মায়ের কবরের পাশেই সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

সাহেদের বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক জানিয়েছেন, শুক্রবার বাদ আসর রাজধানীর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

তিনি আরও জানান, হাসপাতাল থেকে সাহেদের মরদেহ শেষ গোসলের জন্য নেওয়া হয়েছে। গোসল শেষে গোপীবাগ আড়াই লেনের বাসায় নেওয়া হবে মরদেহ। সেখান থেকেই জানাজার উদ্দেশে মসজিদে নেওয়া হবে তাঁকে।

নব্বইয়ের দশকে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন শেখ সাহেদ। ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এই শিল্পী শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন ‘রোকযানা’ গান দিয়ে। তাঁর জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর সংগীতজীবনে আরও পাঁচটি অ্যালবাম উপহার দেন তিনি।

মৃত্যুর আগে দীর্ঘ ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন সাহেদ। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশ উপলক্ষে গত ৬ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করতে হয়। চলতি মাসেই কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেটিও আর বাস্তবায়িত হয়নি।

দীর্ঘদিন ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো এই শিল্পীকে। সম্প্রতি স্ট্রোক ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। একপর্যায়ে গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে যান তিনি।