আজ ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। ২০০৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি দেন বরেণ্য এই সংগীতশিল্পী ও সাংবাদিক। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে গেলেও সংগীতপ্রেমীদের হৃদয়ে আজও তিনি অমলিন। সঞ্জীব চৌধুরীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের মনেও—সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি পোস্টে সেই আবেগ ফুটে উঠেছে।
প্রয়াণ দিবসে নিজের ফেসবুকে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে বাপ্পা মজুমদার লিখেছেন, ‘১৯টা বছর হয়ে গেল! আপনি নাই সঞ্জীব দা! সময় কীভাবে চলে যায়! আপনি তবু্ও অমলিন! চিরঞ্জীব!’
বাপ্পা মজুমদারের সঙ্গে সঞ্জীব চৌধুরীর রয়েছে সংগীতের এক বর্ণাঢ্য ও দীর্ঘ পথচলা। ১৯৯৬ সালে দু’জন মিলে গঠন করেন ব্যান্ড ‘দলছুট’। খুব অল্প সময়েই সঞ্জীব ও বাপ্পার এই যৌথ প্রয়াস শ্রোতাদের মন জয় করে নেয়।
দলছুটের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে—‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)।
এদিকে, সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘সঞ্জীব সন্ধ্যা’। এ ছাড়া তাঁকে শ্রদ্ধা জানাতে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। এতে সংগীত পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।