এটিএন ফোক স্টুডিও থেকে নতুন আঙ্গিকে প্রকাশ পেল সংগীতশিল্পী কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর। সুরকার মান্নান মোহাম্মদ। নতুন করে সংগীত আয়োজন করেছেন সানি মোহাম্মদ।
এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘‘আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালক মান্নান মোহম্মদের সুরে ও তত্ত্বাবধানে নতুন করে ‘কেমন ভালোবাসো বন্ধু’ গাইতে পেরে।’
এরইমধ্যে গানটি এটিএন ফোক স্টুডিওতে প্রকাশ পেয়েছে। এর আগে, ২০২৩ সালে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশ পেয়েছিল এই গান। তখন সংগীত পরিচালনা করেছিলেন সালমান জাইম। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৌমিত্র ঘোষ ইমন। সেসময় শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল গানটি।
বলে রাখা ভালো, দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন কাজল আরিফ। ২০১৩ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ বাজারে আসে। এরপর থেকে তিনি নিয়মিত গান করছেন। শ্রোতামহলেও তাঁর গানগুলো বেশ সমাদৃত হয়েছে। এরমধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাসো বন্ধু’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।


