ফের বিয়ের পিঁড়িতে মাইলি সাইরাস

বাগদানের একবছর পর প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মার্কিন পপতারকা মাইলি সাইরাস। শনিবার (২১ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিনোদনভিত্তিক সাময়িকী ‘পিপল’ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরইমধ্যে মাইলি-ম্যাক্সের বিয়ের বেশকিছু ছবি প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ঘরোয়া এই আয়োজনে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাসসহ দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের মূল আনুষ্ঠানিকতার আগে একটি নৈশভোজেও অংশ নেন অতিথিরা, যার ছবি এরইমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২০২১ সালে নিজের চেয়ে পাঁচ বছরের ছোট সংগীতশিল্পী ম্যাক্সের সঙ্গে সম্পর্কে জড়ান মাইলি। দীর্ঘদিন প্রেমের পর গত বছর বাগদান সারেন তাঁরা। 

অবশেষে বছরখানেকের মাথায় আনুষ্ঠানিকভাবে নতুন জীবন শুরু করলেন এই দুই তারকা। প্রিয় গায়িকার বিয়ের খবরে উচ্ছ্বাসিত ভক্তরাও।

ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত কাজেও মাইলির সঙ্গী ম্যাক্স। ২০২৩ সালে প্রকাশিত মাইলির অ্যালবাম ‘এন্ডলেস সামার ভেকেশন’র প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া গায়িকার নবম অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’র প্রযোজনাতেও যুক্ত ছিলেন ম্যাক্স।

ম্যাক্সের আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সংসার পেতেছিলেন মাইলি। ২০১৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে সেই সংসার একবছরও টেকেনি। ২০২০ সালে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।