ইনস্টাগ্রামের রিলসের মূল ট্রেন্ডিংয়ে আছে নিভৃতচারী গীতিকার-সুরকার হাশিম মাহমুদের এ সৃষ্টিটি। গানের ভিডিওটি দিয়ে সোশ্যাল এ প্ল্যাটফর্মে প্রায় ৮০হাজার বার রিলস তৈরি হয়েছে।
ইনস্টাগ্রামে এ মাধ্যমটিতে এর আগে 'নয়া দামান', 'সাদা সাদা কালা কালা'র মতো বাংলা গান ভাইরাল হয়েছে। অন্য দেশের শিল্পীরাও এই গানগুলোর রিলস তৈরি করেছেন। তবে 'কথা কইও না' শেয়ারিং ও রিলস তৈরিতে এসব কিছুকে ছাপিয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ার নিয়মিত আপডেট দেওয়া সাইট 'ডেইলি ও'-এর বরাতে এ তথ্যটি পাওয়া যায়। তারা মূলত মন্তব্য ও সংবাদ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এটি ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে'র অঙ্গ প্রতিষ্ঠানও। 'ডেইলি ও'র সে প্রতিবেদনে 'কথা কইয়ো না' গানের সৃষ্টি ও ব্যাকগ্রাউন্ডও তুলে ধরে। তাদের ভাষ্য, ''কথা কইয়ো না' অব্যক্ত ভালোবাসার গল্প। ভালোবাসা এখানে এমন একটি অনুভূতি যা কেবল তখনই পরিতৃপ্ত হতে পারে যখন প্রেমিক-প্রেমিকা মুখোমুখি বসতে পারে।''
তাদের প্রতিবেদনে গানের সুরকার-গীতিকার হাশিম মাহমুদের কথা বিশেষভাবে উঠে এসেছে। এছাড়া এর সংগীতায়োজন ইমন চৌধুরী, গায়ক আরফান মৃধা শিবলু, আলেয়া বেগম ও লোকশিল্পীদের কথাও তুলে ধরা হয়।
প্রসঙ্গত, 'কথা কইয়ো না' গানটি কোক স্টুডিও বাংলা তাদের ইউটিউব চলতি বছরের ১০ জুন আপলোড করে। গত দেড় মাসে এটি দেখা হয়েছে প্রায় আড়াই কোটিবার। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামসহ সোশ্যাল মাধ্যমে বহুবার শেয়ার হয়েছে গানটি।