সদ্য বিবাহিত দম্পতি অ্যানা ও রিচার্ড একটি ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাটের কলিংবেল প্রতিদিন একই সময়ে বেজে ওঠে। কিন্তু দরজা খুলে কাউকে দেখা যায় না। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ পায় অপ্রত্যাশিত কিছু সত্য। যা জানা যাবে আগামী ৯ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এদিন রাত ৮টায় মুক্তি পাবে রহস্য-রোমাঞ্চে ভরপুর আবিদ মল্লিক পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’র চতুর্থ গল্প ‘কলিংবেল’।
সিরিজটিতে মোট ৫টি পর্ব। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে একটি করে নতুন পর্ব। ইতোমধ্যে ‘রিংটোন’, ‘বিলাই’ ও ‘বেওয়ারিশ’ মুক্তি পেয়েছে। এই সপ্তাহে আসছে ‘কলিংবেল’। আর আগামী ১৬ নভেম্বর আসবে ‘হাতবদল’। বিভিন্ন পর্বে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরও অনেকে। আর ‘কলিংবেল’-এ দেখা যাবে সাদিয়া আয়মান, বায়জিদ হক জোয়ারদার, শাহানা রহমান সুমি প্রমুখকে।
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘‘‘কলিংবেল’-এর গল্প শুনেই ভালো লেগেছিল তাই কাজটি করেছি। এর আগে এমন কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। গল্পটা একটু ডিফারেন্ট। গল্পের শুরুতে রোমান্টিক কিছু মুহূর্ত ছিল, আবার ভয়েরও কিছু দৃশ্য ছিল। সব মিলিয়ে গল্পের গ্রাফটা আমার খুব ভালো লেগেছে।’’
তিনি আরও বলেন, ‘কাজের আগে নিজের মতো করে কিছুটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার চরিত্রের মধ্যে একটু ডিটেকটিভ ভাবের দরকার ছিল। সেটার জন্য শার্লক হোমস ও কিছু ডিটেকটিভ সিরিজ দেখেছিলাম। আমার লুকটাও বেশ ভিন্ন ছিল। আমি চাই গল্পটা দেখুক সবাই। আশা করি, সবার ভালো লাগবে।’
সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিকের ভাষ্য, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিতর গল্পগুলোর ভাবনা এইভাবেই হাঁটতে, চলতে, কখনও মানুষের মুখে, কখনও পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোই সমসাময়িকায়তার চাঁদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’
‘প্রচলিত’য় চরকির সঙ্গে যৌথভাবে প্রযোজনায় ছিলেন আসাদুজ্জামান সকাল। প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাফ স্টপ ডাউন’ ও ‘ডিজিটাল শ্যাডো’র এই প্রযোজক জানালেন সিরিজটি নির্মাণে তাঁর আগ্রহের কথা। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘‘আমি মনে করি, প্রত্যেকের ছোটবেলা থেকে বড় হওয়ার মাঝখানে অনেক ধরনের গল্প থাকে। সেটা কারও ক্ষেত্রে বেড়ে ওঠার অভিজ্ঞতা কিংবা অন্য কোনো মজার গল্প, আবার কারও ক্ষেত্রে ভৌতিক গল্প থাকে। যেমন আমার জন্ম ঢাকাতে, তবে বাবার কারণে সাভারেও ছিলাম। গ্রামের বাড়ি চাঁদপুরে, লঞ্চে করে সেখানে যেতাম। সেসময় দাদা-দাদি, ফুফু-চাচা, মামাদের কাছ থেকে প্রচুর ভৌতিক গল্প শুনেছি, যেগুলো প্রচলিত। আমার কাছে মনে হয়েছে আমাদের প্রজন্মের পরে এই গল্পগুলো কাউকে বলা প্রয়োজন। আবিদ ভাইয়ের মনে যখন এমন একটা আইডিয়া আসে, তখন আমরা একে অপরকে এ রকম ২০-২৫টা গল্প শেয়ার করি। বলতে পারেন ‘প্রচলিত’র গল্পগুলো আমাদের শৈশব-কৈশোরের স্মৃতি থেকে উঠে আসা। তখন বিঞ্জ ও চরকি যেহেতু বৈচিত্র্যময় কনটেন্টের প্রতি আগ্রহী, তাই তাঁদের গল্পগুলো বলি। চরকির রেদওয়ান রনি ও অনিন্দ্য দা’কে অ্যাপ্রোচ করি। তাঁরাও যথেষ্ট আগ্রাহী হয়েছেন, তাই আমরাও এই পাঁচটি গল্প বলার সাহস দেখিয়েছি। সামনেও আরও কিছু গল্প আসবে।’’
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিংয়ে ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।