রিংটোন বাজল কত জোরে?

‘প্রচলিত’-এর প্রথম এপিসোড দেখার পর এটুকু বোঝা যায় যে, পাপ ও পাপের মূল্য চোকানো বিষয়ক প্রচলিত প্রবাদই ছিল এর মূল বিষয়। কিন্তু একজন পেশাদার ছিনতাইকারীর পাপবোধে আক্রান্ত হওয়ার বিষয়টি পর্দায় তুলে আনতে আরও কিছু সিকোয়েন্স প্রয়োজন ছিল হয়তো। 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

রাতের ঘটনা। গা ছমছমে গল্পের আবহে রাতের অন্ধকার সব সময়ই বাড়তি সুবিধা দেয়। অর্থাৎ, হরর জনরাতে অন্ধকার খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। তাই ভৌতিক রহস্যময় গল্পে রাতের দৃশ্য আবশ্যিকভাবেই রাখার চেষ্টা করা হয়। কারণটা দর্শকের মনে ভয় ধরানো অবশ্যই। সেই আবশ্যিক অনুষঙ্গের সুবিধা নিয়েছেও অ্যান্থোলজি সিরিজ ‘প্রচলিত’। কিন্তু সেই সুবিধা কতটুকু কাজে লাগাতে পারল ‘প্রচলিত’ সিরিজের সদ্য মুক্তি পাওয়া গল্প ‘রিংটোন’? আদৌ কি বাজল রিংটোন?

দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘প্রচলিত’ সিরিজের প্রথম এপিসোড।

চরকি বলছে, ‘প্রচলিত’র গল্পগুলো হাঁটতে-চলতে কখনো মানুষের মুখে শোনা, কখনো পড়া, কিছু শৈশব থেকেই সাথে সাথে বড় হচ্ছে, এভাবেই ভাবনায় গেঁথে গেছে। সেসব ভাবনাকেই সমসাময়িকতার চাদরে জড়ানোর প্রতিফলন ‘প্রচলিত’।

আর ‘রিংটোন’-এর গল্প সম্পর্কে বলা হয়েছে, মজনু ছিনতাইকারী। একদিন সন্ধ্যায় এক লোকের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় জোরজবরদস্তিরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বাসায় গিয়ে ব্যাগ খুলে দেখে একটা উপহারের বাক্স আছে সেখানে। সেই উপহারের বাক্স মজনুর জন্য দুর্ভাগ্য বয়ে আনল কিনা—সেটি নিয়েই এগিয়েছে গল্প।

‘রিংটোন’-এ চরিত্রের সংখ্যা হাতেগোনা। মূলত মজনুরূপী মোস্তফা মন্ওয়ার একাই পুরো গল্প নিয়ে এগিয়েছেন। এ ধরনের গল্পের জন্য তিনি যথার্থ অভিনেতা। তাঁর দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সংশয় তখনই জাগে, যখন দেখা যায় চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ আসলে সীমিত। ‘রিংটোন’-এও ঠিক সেটিই হয়েছে।

‘রিংটোন’কে মিস্ট্রি ঘরানার বলে দাবি করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। মিস্ট্রি হোক বা হরর—সেটি জমাট বাঁধতে কিছুটা সময় দিতে হয়, কিছু যথার্থ উপাদানও লাগে। গল্পের প্রবাহে ধীরে ধীরে জমাট বাঁধে রহস্য বা ভয়। তখনই সেটি উপভোগ্য হয়ে ওঠে। কিন্তু ‘রিংটোন’-এ যেন হুট করেই নিয়ে আসা হলো রহস্যকে। ভয় আমদানি হলো কার্যাদেশ দিয়ে। মোস্তফা মন্‌ওয়ার যথেষ্ট চেষ্টা করেছেন তাঁর চরিত্রের ট্রমাকে পর্দায় ফুটিয়ে তোলার। কিন্তু ভিজ্যুয়াল মিডিয়ায় দর্শককেও তার সঙ্গে একাত্ম হওয়া প্রয়োজন। চরিত্রাভিনেতা হয়তো ভয় পাওয়ার অভিনয় করলেন, কিন্তু তা পর্দায় দেখতে বসা দর্শক যদি অনুভব করতে না-ই পারেন, তবে আর সার্থকতা কোথায়?

‘প্রচলিত’-এর প্রথম এপিসোড দেখার পর এটুকু বোঝা যায় যে, পাপ ও পাপের মূল্য চোকানো বিষয়ক প্রচলিত প্রবাদই ছিল এর মূল বিষয়। কিন্তু একজন পেশাদার ছিনতাইকারীর পাপবোধে আক্রান্ত হওয়ার বিষয়টি পর্দায় তুলে আনতে আরও কিছু সিকোয়েন্স প্রয়োজন ছিল হয়তো। মোট কথা, এপিসোডের দৈর্ঘ্য যৌক্তিকভাবে আরেকটু লম্বা করাই যেত। তাতে হয়তো দর্শককে গল্পের মধ্যে ঢোকানো যেত। আর তখনই দর্শকদের সন্তুষ্টি আদায় করা সহজ হতো অনেক।

‘রিংটোন’ পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক। পরিচালনার পাশাপাশি ‘প্রচলিত’ সিরিজের গল্প ও চিত্রনাট্যও তাঁর। কাজের হিসাব কষলে নবীন নির্মাতার তকমাই পাবেন আবিদ মল্লিক। সেই হিসেবে, যাত্রার শুরুর দিকেই মিস্ট্রি ও কিছুটা হরর জনরা বেছে নেওয়ায় সাধুবাদ তিনি পেতেই পারেন। কারণ এদেশে এ ধরনের জনরা নিয়ে কাজ কম হলেও সুযোগ আছে অনেক।

এক কথায়, রিংটোন জোরে বাজতে গিয়ে মাঝপথেই থেমে গেছে। অবশ্য সামনে আরও চারটি গল্প মুক্তি পাবে ‘প্রচলিত’ সিরিজের। সামনের গল্পগুলোতে রহস্য কতটা ঠাসবুনটের হয়—সেটিই এখন দেখার।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর