বছর দুয়েক আগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। ঢাকা-কলকাতা—দুই বাংলাতেই ব্যাপক আলোড়ন তুলেছিল সিরিজটি। এরপর সিনেমা হলে পরিচালকের ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তি পাওয়ার জল্পনা থাকলেও সেন্সর জটিলতায় সেটি আর আলোর মুখ দেখেনি। এবার ভক্তদের সুখবর দিলেন দেশের জনপ্রিয় এই নির্মাতা। না, ‘শনিবার বিকেল’ নিয়ে নয়; ফারুকী জানালেন তাঁর নতুন সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তির দিন।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন, চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। তারিখটি বিশেষভাবে মনে রাখার জন্য দর্শকদের অনুরোধও করেছেন নির্মাতা।
ফেসবুকে এ সুখবর জানানোর পাশাপাশি ওটিটি প্লাটফর্ম চরকির পেজের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকী। ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ছবিটির ট্রেলার। ক্যাপশনে চরকি লিখেছে, ‘‘সিনেমা আর জীবন মিলেমিশে একাকার! ৩০ নভেম্বর চরকিতে আসছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।’’
সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়েও নাম লিখিয়েছেন নির্মাতা ফারুকী। রয়েছেন তিশা ও তাঁদের একমাত্র কন্যাসন্তান ইলহামও। আর ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে এই তারকা দম্পতির বাস্তব জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্পে। শুধু তাই নয়, একসঙ্গে অভিনয় করার পাশাপাশি চিত্রনাট্যে লেখার কাজটিও করেছেন তিশা-ফারুকী মিলে।
উল্লেখ্য, চরকিতে ১২ জন নির্মাতার ১২টি সিনেমার প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। আর এই প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’।