ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। হাজির হচ্ছেন ওয়েব দুনিয়ায়। ওয়েব সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই সুপারস্টার। নাম ‘কন্ট্রাক্ট বিয়ে’। এতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে। তিনিই এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অংশ নিয়েছেন কিছু অনুষ্ঠানেও। সেখানে হচ্ছে ওয়েব সিরিজের শুটিং। জানা যায়, সিরিজটিতে আরও রয়েছেন জনপ্রিয় অনেক তারকা। সাসপেন্স থ্রিলার সিরিজটিতে মৌসুমীর চরিত্র ঘিরেই আবর্তিত হবে গল্প।
সেখানে দেখা যাবে, যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর স্থায়ী হওয়ার জন্য বাংলাদেশের মেয়েরা কিছু সময়ের জন্য কন্ট্রাক্ট বিয়ে করেন। মৌসুমীও তেমনি বিয়ে করেন হাসান জাহাঙ্গীরকে। তার পরে উঠে আসবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতির দৃশ্যপট। যা কাঁদাবে দর্শককে, কখনও দেবে আনন্দও।
এর গল্প ও পরিচালনা করছেন হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘এ সিরিজের গল্পের পটভূমিতে অন্য এক মৌসুমীকে খুঁজে পাবেন দর্শক। অনেকেই স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে আসতে চান। এজন্য তারা নানা কৌশল অবলম্বন করেন। অনেকে ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যান। এমন গল্পগুলো উঠে আসবে এ সিরিজে। আমার বিশ্বাস, দর্শক সিরিজটি উপভোগ করবেন।’
ওয়ার্ল্ডওয়াইড সংগঠন হিউম্যান রাইটসের তত্ত্বাবধানে এসএএস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ ও মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এ ওয়েব সিরিজটি।