ভুল বুঝতে না করেছিলেন প্রযোজক রূহান!

বুধবার (৮ মে) রাতে রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের মরদেহ। আত্মহত্যা করেছেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য জানিয়েছেন মরদেহ উদ্ধারকারী হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস। 

জানা যায়, ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রূহান। তবে সম্প্রতি স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে গত ৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন রূহান। যেখানে হৃদয়ঘটিত হতাশার ছায়া রয়েছে! কাকে যেন ভুল বুঝতে না করেছিলেন তিনি! এবার চিরতরে চলে যাওয়ার পর নেটিজেনদের আলোচনায় সেই স্ট্যাটাস।

যেখানে রূহান লেখেন, ‘আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই, তোমার বুকেও আমি নাই! তাহলে কেন সেদিন বলেছিলে? আমার সাথেই এই জন্ম কাটিয়ে দেবে? ভুল বুঝিও না। আমি দোষ দিচ্ছি না। যাস্ট বললাম আর কি!’

এর আগে একটি পোস্টে সূরা আর রহমানের একটি আয়াত শেয়ার করেন রূহান। সেই আয়াতটি হলো—‘তবে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে?’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা কত অদ্ভুতভাবে সমগ্র বিশ্বের সকলে মিলে একই সুতায় গাথা। যে সুতা দেখাও যায় না! কী বিচ্ছিরি রাতের শেষে এত সুন্দর সকাল লুকিয়ে থাকতে পারে আমরা ভেবেও দেখি না। জীবন কী অদ্ভুত! কত সুন্দর!’

প্রসঙ্গত, বেশকিছু প্রশংসিত নাটক-সিরিজের প্রযোজক রূহান। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজনা করেছেন তিনি। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজে ছিলেন নির্বাহী প্রযোজক হিসেবে। নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রূহান। তাঁকে হারিয়ে ভীষণভাবে মর্মাহত সহকর্মীরা।

প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন রূহান। বানিয়েছেন ‘উস্কানি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।