৮ পর্বে আসছে ‌‘হাউজ অব দ্য ড্রাগন’র দ্বিতীয় কিস্তি

বছরখানেক আগে হলিউডে যখন লেখক-অভিনেতাদের ধর্মঘট চলছিল, তখনই সিরিজটির দৃশ্যধারণ হয় ইংল্যান্ডে। তাতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি এই ধর্মঘট। অবশেষে সকল অনিশ্চয়তা কাটিয়ে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ‌‘গেম অব থ্রোনস’র স্পিন-অফ সিরিজ ‘হাউজ অব দ্য ড্রাগন’র দ্বিতীয় কিস্তি। 

আগামী ১৬ জুন স্থানীয় সময় রাত ৯টায় এইচবিও’তে প্রিমিয়ার হবে সিরিজটির প্রথম পর্ব। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় এটি মুক্তি পাচ্ছে ১৭ জুন।

পর্ব থাকছে কত
হাউজ অব দ্য ড্রাগনের প্রথম কিস্তিতে পর্ব ছিল ১০টি। এবার দ্বিতীয় কিস্তিতে পর্ব সংখ্যা ৮টি। প্রথম পর্বের নাম রাখা হয়েছে ‘আ সন ফর আ সন’। ডেমন টারগেরিয়ানের পুত্র লুসেরিস ভেলারিয়নের মৃত্যুর প্রতিক্রিয়ায় রায়নারকে লেখা একটি চিঠি থেকে এসেছে এই শিরোনাম।

গল্পে ধারাবাহিকতা
প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল, তারই ধারাবাহিকতা দেখা যাবে দ্বিতীয়টিতে। টিজারে প্রতিধ্বনিত হয়েছে যে, ‘আত্মীয়দের মধ্যে যুদ্ধের চেয়ে নিকৃষ্ট যুদ্ধ দেবতাদের কাছে আর নেই।’ রায়নারকে বলতে শোনা যায়, ‘এবং ড্রাগনদের যুদ্ধের মতো এত রক্তাক্ত যুদ্ধও আর নেই।’

প্রথম পর্বের নাম—আ সন ফর আ সন। ছবি: সংগৃহীত

২০০ বছর আগের পটভূমি
লেখক-চিত্রনাট্যকার জর্জ আরআর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে দ্বিতীয় কিস্তিটি। যেখানে উঠে এসেছে গেম অব থ্রোনসের ২০০ বছর আগের একটি গল্প। যা কিনা ড্যানেরিস টারগেরিয়ানের জন্মের ১৭২ বছর আগের পটভূমিতে বর্ণিত। এতে তুলে ধরা হয়েছে টারগেরিয়ান রাজবংশের সমাপ্তির সূত্রপাত ও ‌‘ড্যান্স অব দ্য ড্রাগন’ নামে পরিচিত রাজসিংহাসনে আরোহনের প্রতিদ্বন্দ্বিতায় ওয়েস্টেরসে তুমুল যুদ্ধের চিত্র।

প্রথম পর্বে যা থাকছে ‍
সিরিজটির প্রথম পর্বেই তুমুল যুদ্ধ শুরু হবে। যেখানে থাকছে আগের থেকেও বেশি ড্রাগন, আরও বেশি নাটকীয়তা। ব্ল্যাক ও গ্রিন উভয় দলই তাদের বাহিনী, ড্রাগন ও নতুন মিত্রদের নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাবে।

অভিনয়শিল্পী
রীতিমতো প্রথম কিস্তির শিল্পীরাই থাকছেন দ্বিতীয় কিস্তিতে। তাঁরা হলেন এমা ডার্সি, প্যাডি কনসিডাইন, ম্যাট স্মিথ, অলিভিয়া কুক, মিলি অ্যালকক, এমিলি কেরি, রিস ইফান্স, স্টিভ টুসেইন্ট প্রমুখ।