শুটিং চলাকালে ওয়েব সিরিজটির নাম ছিল ‘হারাধনের ১০টি ছেলে’। কিন্তু এবার নাম বদলে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে উন্মুক্ত হয়েছে এটি। নতুন নামকরণ হয়েছে ‘রইলো বাকি দশ’। থ্রিলার গল্পে সিরিজটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। লিখেছেন শাহাজাদা শহিদ।
খুন রহস্যে মোড়া ১০ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন এফএস নাঈম, অর্চিতা স্পর্শিয়া, জিয়াউল রোশান ও শতাব্দী ওয়াদুদ।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এফএস নাঈম বলেন, ‘মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় এত গুণী সব অভিনয়শিল্পীদের কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি আশাবাদী যে খুন রহস্যে মোড়া টানটান উত্তেজনার গল্পের রইলো বাকি দশ সবাই দারুণভাবে উপভোগ করবেন।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টফি জানিয়েছে, যে কোনো মোবাইল নেটওয়ার্ক থেকে টফি’র প্রিমিয়াম ক্যাটাগরির এই ওয়েব সিরিজ উপভোগ করা যাবে ২০ টাকায় সাবস্ক্রিপশন করে। ১৫ দিন মেয়াদী এই প্যাকেজের অধীনে দেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা এটি দেখতে পাবেন।