অনলাইনে দেখা যাচ্ছে ‘অতি উত্তম’

এবার ওটিটি পর্দায় এল ‘অতি উত্তম’। কবে, কখন, কোথায় দেখা যাবে স্বয়ং উত্তম কুমার অভিনীত এই ছবি? শুক্রবার (৩০ আগস্ট) পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-তে মুক্তি পেয়েছে নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমা।

এর আগে চলতি বছরের ২২ মার্চ এটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই প্রথমবার পর্দায় কোনো অভিনেতার মৃত্যুর প্রায় ৪৪ বছর পর তাঁকে এভাবে পর্দায় ফিরিয়ে আনা হয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ ছবিতে খোদ মহানায়ক উত্তম কুমারকে অভিনয় করিয়েছেন পরিচালক।  

শুধু তাই নয়, সিনেমাটিতে মহানায়কই রয়েছেন মুখ্য চরিত্রে। ফলে বিষয়টি খুব একটা সহজ ছিল না। তবে কীভাবে তৈরি হয়েছে অতি উত্তম?

আরেকটি দৃশ্যে উত্তম কুমার। ছবি: সংগৃহীত

এ বিষয়ে সৃজিত জানান, উত্তম কুমারের বিভিন্ন ছবির ক্লিপ কেটে কেটে সিনেমাটি বানানো হয়েছে। তিনি বলেন, ‌‘অতি উত্তম ছবির শুটিংয়ের সময় এটাই ছিল আমাদের মনিটর কনসোল। লেন্সিং, ক্যামেরা মুভমেন্ট, চরিত্রদের চলাচল, ইত্যাদি একই সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে ভিএফএক্সে মনিটর আর ক্যামেরা মনিটরের সাহায্যে। সেখানে আবার একই সঙ্গে উত্তম কুমার যে দৃশ্যে আছেন বা নেই তবে পুরনো ছবির ক্লিপ কেটে সেগুলোকে সুপার ইমপোজ করা হয়েছে।’

এতে উত্তম কুমার ছাড়াও অভিনয় করেছেন রোশনি ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ। বাংলাদেশ থেকেও সিনেমাটি সাবস্ক্রিপশনের মাধ্যমেও দেখা যাবে ফ্রাইডে’র পর্দায়।