সিনেদুনিয়ার অংশ হিসেবে প্রথমবার একমঞ্চে পিতা-পুত্র! ছেলে আরিয়ান খানের পরিচালক হিসেবে অভিষেক অনুষ্ঠানে হাজির ছিলেন পিতা শাহরুখ খান। সেই ব্লকবাস্টার মুহূর্তের সাক্ষী থাকল বলিউড। ছেলের জন্য কিং খান কখনও দোয়া চাইলেন, আবার কখনও তুলে ধরলেন ‘পরিশ্রমী’ আরিয়ানের কথা।
ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড অভিষেকের সাক্ষী থাকতে মঞ্চে উঠলেন শাহরুখ। আবেগাপ্লুত কণ্ঠে বললেন, ‘আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বাইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। এ যাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।’
ছেলেকে বড় পরিচালক হিসেবে দেখতে চান শাহরুখ। তিনি বলেন, ‘আমার ছেলে অভিনয় করতে চায় না। ও ছবি তৈরি করতে চায়। ও লেখালেখিও করে। বলা ভালো, ও বেশ ভালোই লেখে। তাই আগামী দিনে পরিচালক বা লেখক হওয়াই ওর লক্ষ্য।’
আরিয়ানের ওপর অগাধ আস্থা শাহরুখের। তাঁর ধারণা, একসময় আর তাঁর কাছে ছবিতে অভিনয় করার সুযোগ আসবে না। সেই সময়ে আরিয়ান পরিচালিত ছবিতেই তিনি অভিনয় করবেন। শাহরুখ বলেন, ‘ও (আরিয়ান) হলো আমার শেষ ভরসা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।’
বুধবার (২০ আগস্ট) সেই সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে নির্মাতা আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর টিজার। হাস্যরসের মোড়কে পর্দায় বলিউডের আলো-আঁধারি রূপ দেখালেন তিনি। কখনও সিরিজের ঝলকে ফুটে উঠে বলিউডের কঠিন পিচে লড়াই করার গল্প, আবার কখনও-বা একজন তারকা হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি—সবরকম উপকরণ মজুত রয়েছে এই সিরিজে। সারপ্রাইজ হিসেবে রয়েছে একঝাঁক তারকামুখ।
টিজারে দেখা গেল, সুপারস্টার সালমান খানের মেজাজ, কখনও-বা পরিচালক-প্রযোজক করণ জোহরের গালিগালাজ, আবার কোনো দৃশ্যে ববি দেওলের গ্ল্যামারাস এন্ট্রি—একগুচ্ছ চমক দিলেন প্রথম ঝলকেই! ক্যামিও চরিত্রে রয়েছেন আমির খান, রণবীর কাপুরও।
সেই ঝলক দেখে মনে হতেই পারে যে, বিতর্কের তালিকায় বলিউডের যেসব তারকাদের নাম বেশি বা ‘ব্যাড বয়’ বলে যাঁরা পরিচিত, বেছে বেছে তাঁদের ক্যামিওই কেন রাখলেন আরিয়ান খান? তবে উত্তর পেতে অপেক্ষা আরও একমাসের। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্য ব্যা***ডস অব বলিউড। এটি বলিউডে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ৬ষ্ঠ কাজ। রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনায় রয়েছে নেটফ্লিক্স।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া