কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এখন আলোচনায় তুঙ্গে। কাবিলা, হাবু, পাশা আর নেহালদের ফ্ল্যাটে চলছে একের পর এক হাস্যরসের গল্প। আর এবার সেই ফ্ল্যাটে বাজতে চলেছে নতুন সুর, যোগ দিচ্ছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া!
কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে রহস্য ছড়িয়েছিলেন নির্মাতা অমি, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পোস্টার প্রকাশ করেই জানালেন, ব্যাচেলর পয়েন্টের নতুন সারপ্রাইজ হলেন স্পর্শিয়া।
স্পর্শিয়া বললেন, ‘গত কয়েক বছর ধরে সিরিয়াস চরিত্রেই বেশি কাজ করেছি। তাই চেয়েছিলাম কিছু হালকা-ফুলকা, ফান বা কমেডি জনরার কাজ করতে, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হতে পারি। ব্যাচেলর পয়েন্ট টিম থেকে কল আসার পর এক মুহূর্ত দেরি করিনি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। সিরিজটা তো এখন একটা ব্র্যান্ড! প্রথমবার কাজ করছি অমি ভাইয়ের সঙ্গে—উনি দুর্দান্ত একজন মেকার। আশা করছি, দর্শক আমাদের কোলাবোরেশন উপভোগ করবেন।’
নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্টে সাধারণত পুরুষ চরিত্রই বেশি থাকে। তবে আগের সিজনগুলোতে যেসব নারী চরিত্র এসেছে, সবাই জনপ্রিয় হয়েছে। গল্পের প্রয়োজনে এবার নতুন একটা ফিমেল চরিত্র দরকার ছিল, সেই জায়গায় স্পর্শিয়া দারুণ মানিয়ে যাবেন বলে মনে হয়েছে। তাঁর চরিত্রটা দর্শকদের জন্য সারপ্রাইজ হবে।’
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।
ধারাবাহিকটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে, আর খুব শিগগিরই চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও প্রচারিত হবে।