বেশ কয়েকদিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
সোনালি ও দুধসাদা শাড়িতে সেজেছিলেন মিমি, আর তাঁর সঙ্গে মানানসই সাদা পাঞ্জাবিতে দেখা যায় বর সিদ্ধার্থকে। আংটি বদল থেকে শুরু করে আইনি কাগজপত্রে সই—সব মিলিয়ে জীবনের বিশেষ মুহূর্তগুলোর একগুচ্ছ ছবি নিজেই সামাজিকমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এই আইনি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতদিন নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন মিমি ও সিদ্ধার্থ। জানা যায়, মিমির স্বামী সিদ্ধার্থ পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। এক বান্ধবীর মাধ্যমে তাঁদের পরিচয় হয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক, যা এতদিন গোপন রেখেছিলেন দু’জনেই।
তবে এই আইনি বিয়ের মধ্যদিয়েই সব আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁদের বিয়ের মূল আসর অনুষ্ঠিত হবে। পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন তাঁরা। এরপর ৩ ডিসেম্বর নৈশপার্টি ও ডিনার, ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত এবং সবশেষে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের মূল আসর।


ভারতে পাকিস্তানি সিরিজ: একটি নিষিদ্ধের দাবি, অন্যটি ভাইরাল!
