গানের দুনিয়ায় পরিচিত মুখ হলেও অভিনয়েও নিজেদের অবস্থান শক্ত করছেন প্রীতম হাসান ও জেফার রহমান। এবার প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন এই দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁদের নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে।
নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় তৈরি এই ওয়েব ফিল্মটি বাংলা নববর্ষকে সামনে রেখে আগামী ১৪ এপ্রিল বিঞ্জ প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। বিশেষ এই দিনটি ঘিরে দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী প্রেমের গল্প উপহার দিতেই এমন পরিকল্পনা নির্মাতার।
জানা গেছে, ফিল্মটির শুটিং শেষ হয়েছে প্রায় এক বছর আগে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টিজার প্রকাশের মাধ্যমে জানানো হলো মুক্তির তারিখ। টিজারেই ফুটে উঠেছে সম্পর্কের টানাপোড়েন, আবেগ আর ভালোবাসার মিশেল।
এই প্রথম কোনো ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করলেও প্রীতম হাসান ও জেফার রহমান—দুজনেরই নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রীতম এর আগে অভিনয় করেছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্ম এবং ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে, জেফার রহমানকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।
শিহাব শাহীন বলেন, ‘প্রীতম গানের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রমাণ করেছেন। চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা তার রয়েছে। একইভাবে জেফার রহমানও কাজের প্রতি ভীষণ মনোযোগী এবং আন্তরিক।’ এই নতুন জুটিকে নিয়ে তিনি বেশ আশাবাদী। তাঁর বিশ্বাস, দর্শক ভিন্ন স্বাদের একটি গল্প উপভোগ করবেন।
তুমি আমি শুধু-তে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ ও আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে। নির্মাতা নিজেই এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন, ফলে তাঁর স্বতন্ত্র গল্প বলার ধরনও এতে স্পষ্টভাবে ফুটে উঠবে বলে ধারণা করা হচ্ছে।