‘ইন্টেনশনালি বাদ’ দেওয়ার অভিযোগ এনেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যেখানে অভিযোগের তিরের তাক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে! একসময়ের তুমুল বন্ধুত্বের সম্পর্ক যে ‘দা-কুমড়ো’ অবস্থায়—তা বোঝা যায়। আর এর আঁচ গিয়ে পড়ল ক্রিকেট মাঠের বাইরেও।
সম্প্রতি একটি মোবইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন ক্রিকেটের এই দুই তারকা। তবে কেউ কারও ছায়া মাড়াতে ছিল নারাজ। বলতে চাননি কথাও।
প্রোডাকশন হাউজ সূত্রে জানা যায়, একই বিজ্ঞাপনে কাজ করেও সাকিব-তামিমের কেউ কারও সঙ্গে কথা বলেননি। এমনকি দুইজন ছিলেন আলাদা ড্রেসিং রুমে। কেউ কারও মুখ দেখতে চাননি। শেষ পর্যন্ত ওই বিজ্ঞাপন নির্মাতা ও সংশ্লিষ্টরা তাঁদের দুজনকে একই ফ্রেমে দাঁড়ানোর অনুরোধ করেন। তারপর অভিমানের বরফ গলিয়ে একমুহূর্তের জন্য পাশাপাশি দাঁড়ান সাকিব-তামিম!
আরও জানা যায়, ওই বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়েছে স্টুডিও নাইন এন'হাফ ও এফডিসিতে। পরিচালনায় আছেন আশফাক বিপুল। শিগগিরই প্রচারে আসবে এটি।
প্রসঙ্গত, বিশ্বকাপ দল ঘোষণার আগেও নানা গুঞ্জন ছড়িয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ঘিরে। কেউ কেউ বলছেন, এই দুই তারকার দ্বন্দ্ব বিসিবিকে ভোগাচ্ছে! যার সবশেষ নজির এলো বিশ্বকাপ দল থেকে তামিমের ‘বাদ’ পড়াটা।