উপস্থাপনার জনপ্রিয় মুখ রাফসান সাবাব। বছর তিনেক আগে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। তবে এই বিয়ে এরইমধ্যে বিষাদে পরিণত হয়েছে। ভেঙে গেছে তাঁদের সংসার। স্ত্রী সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন রাফসান নিজেই।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকের এক পোস্টে বিচ্ছেদের খবর জানিয়ে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে ঘোষণা করতে হচ্ছে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি টানা হয়েছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’
সবশেষে তিনি বলেন, ‘আপনারা যদি এ বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’
২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান। তিন বছরের এই দাম্পত্যজীবনের ইতি ঘটে সম্প্রতি।
প্রসঙ্গত, কলেজে পড়ার সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তাঁর কাজের সুযোগ হয়। আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপর রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। এছাড়া ‘দারাজ ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইন শোয়েও ব্যাপক প্রশংসিত হন তিনি।