হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। বুধবার (১৫ নভেম্বর) রাতে এই অভিনেত্রী ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরদিন হাসপাতাল থেকে বাসায় ফিরে দীর্ঘ এক পোস্টে তিনি এই ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করেন। এমনকি লাইভে এসেও পুরো ঘটনা বুঝিয়ে বলেন। তবে এরইমধ্যে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি কথোপকথন ছড়িয়ে পড়ে। যেখানে দেশের একটি বেসরকারি টেলিভিশন সাংবাদিকের সঙ্গে ফোনালাপে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এবার এ প্রসঙ্গে ক্ষমা চাইলেন তিশা।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে অভনেত্রী বলেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিল না। সাংবাদিক ভাইদের একটা কথা আমি উদ্দেশ্যে বলতে চাই আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল এবং থাকবে।’
তিনি আরও লেখেন, ‘আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা কথা চাউর হয়েছিল। নাট্যাঙ্গনে গুঞ্জন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন!