পুনর্জন্ম অন্তিম পর্ব
‘রাফসান হকের রান্না!’—সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল এই সংলাপ। মূলত নির্মাতা ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ ইউনিভার্স থেকেই কথাটির উদ্ভব নেটিজেনদের মনে। ২০২১ সালে নাটকটি প্রথমবার প্রচারের পরই সংলাপটি মুখে মুখে ফেরে। জনপ্রিয় হয়ে ওঠে পুনর্জন্ম ফ্র্যাঞ্চাইজি। এরই ধারাবাহিকতায় এ বছর ঈদুল আজহায় মুক্তি পায় ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। দর্শকদের মুগ্ধতা কুড়িয়ে নেয় তৃতীয় কিস্তিও। বরাবরের মতো প্রশংসায় ভাসেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। এ ছাড়া অন্য চরিত্রে থাকা শাহেদ আলী, নওশাবা আহমেদ ও আব্দুল্লাহ আল সেন্টুও নজর কাড়েন এতে।
ফিমেল ৩
মহল্লার ভাই-ব্রাদার সংস্কৃতির ওপর ভিত্তি করে নির্মিত নাটক ‘ফিমেল ৩’। গত কোরবানি ঈদে এটি মুক্তি পাওয়ার পরপরই আলোচনায় চলে আসে। বিশেষ করে ‘লাবু কমিশনার’ চরিত্রে শরাফ আহমেদ জীবনকে নিয়ে দর্শকের মাতামাতি ছিল তুঙ্গে। জনপ্রিয়তা পায় অন্য চরিত্রগুলোও। জীবন ছাড়াও এ নাটকে অভিনয় করেন মারজুক রাসেল, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সুমন পাটোয়ারি, শিমুল শর্মা, পাভেল, মুসাফির বাচ্চু প্রমুখ। ইউটিউবে এখন পর্যন্ত নাটকটির ভিউ ৩১ মিলিয়ন।
কাছের মানুষ
নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সংকটকে এ নাটকে ফুটিয়ে তুলেছেন নির্মাতা ইমরাউল রাফাত। বাবা মারা যাওয়ার পর শুরু হয় তিন ভাই-বোনের মধ্যে দ্বন্দ্ব, এমনই একটি গল্পে নির্মিত নাটক ‘কাছের মানুষ’। কাস্টিংও ছিল চমকপ্রদ। পর্দা ভাগ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তৌসিফ মাহবুব। শীর্ষ সারির এই দুই অভিনেতাকে একসঙ্গে পাওয়াতে নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনাও ছিল প্রচুর। এ ছাড়াও এতে ছিলেন তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু ও শরাফ আহমেদ জীবন।
কঞ্জুস ২
চলতি বছরের শুরুতেই ‘কঞ্জুস’ নাটকে চমক দেন তানজিন তিশা। বেশির ভাগ সময় এ অভিনেত্রীকে রোমান্টিক চরিত্রে দেখা গেলেও এতে তিনি ছিলেন ব্যতিক্রম। হাড়কিপটে তেপাঙ্গীরের স্ত্রী নিলুর চরিত্রে নজর কাড়েন তিনি। আর মুখ্য চরিত্র তেপাঙ্গীর হিসেবে নজর কাড়েন মুশফিক আর ফারহান। এই দুই তারকার রসায়নে মুগ্ধ হন দর্শকরা। এরই ধারাবাহিকতায় গত কোরবানি ঈদে আসে নাটকটির সিক্যুয়েল ‘কঞ্জুস ২’। এতেও তাঁরা কুড়িয়ে নেন আকাশচুম্বী প্রশংসা। তবে নেটিজেনদের কেউ কেউ আবার এতে অভিনয়শিল্পীদের ওভার অ্যাক্টিংয়ের বিষয়টি নিয়েও প্রশ্ন ছুড়েছেন। এসব আলোচনা সত্ত্বেও নির্মাতা মহিদুল মহিম পরিচালিত এ নাটকের বর্তমান ইউটিউব ভিউ ২২ মিলিয়নের ঘরে।
কবর
বছরদুয়েক আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। সেই সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ নাটকের গল্প। নির্মাতা রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘কবর’ নাটকে অভিনয় করেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে এ দুই তারকার ভক্তদের মধ্যেও ছিল ব্যাপক উন্মাদনা। এর মাধ্যমে অভিনয়ে আরও একবার প্রশংসায় ভাসেন ফারিণ।
জায়গায় খায়, জায়গায় ব্রেক
গত ঈদুল আজহায় মুক্তি পায় নাটকটি। দীর্ঘদিন পর এর মাধ্যমে নাট্যাঙ্গনে স্বরূপে ফেরেন অভিনেতা মোশাররফ করিম। ‘জায়গায় খায়, জায়গায় ব্রেক’-এ গ্রাম থেকে রাজধানী ঢাকায় আসা এক দম্পতির গল্পকে তুলে ধরেছেন নির্মাতা জাকিউল ইসলাম রিপন। গল্পটি ফুটিয়ে তুলতে হাস্যরসের আশ্রয় নিয়েছেন তিনি। আর তা মুক্তির পরপরই আলোচনায় চলে আসেন মোশারররফ করিম ও তানিয়া বৃষ্টি। ইউটিউবে এখন পর্যন্ত ১৮ মিলিয়ন দর্শক দেখেছেন নাটকটি।
কলিজার আধখান
চলতি বছর প্রায় নাটকেই সাড়া ফেলেছেন মুশফিক-তিশা জুটি। বছরের শুরুতে ‘কঞ্জুস’-এ বাজিমাত করেছেন তাঁরা। তারপর এটির সিক্যুয়েলেও ভক্তদের নজর কাড়েন। আর সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘কলিজার আধখান’ নাটকেও প্রশংসিত হন এই জুটি। ভাইরাল হয়ে যায় বিভিন্ন শর্ট ভিডিও ক্লিপ। হাস্যরসধর্মী বিভিন্ন সংলাপে নাটকটি রচিত হলেও দিনশেষে এটি কাঁদিয়েছে দর্শকের। ইউটিউবে নির্মাতা মিফতাহ আনান পরিচালিত এ নাটকটি দেখেছেন ২৩ মিলিয়ন দর্শক।