আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী

স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সোমবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিশা জানান, ‘আজ সন্ধা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার  বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়সে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

nusrat-imrose-tisha

২০১০ সালে ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামে তাঁদের এক সন্তান রয়েছে।

ফারুকীর নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব।