সদ্য বিবাহিত জোভানের নতুন খবর

মাত্রই বিয়ে করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। কয়েকদিনের মধ্যেই ফিরেছেন কাজে। এরপর দিলেন রোমান্টিক সংবাদ। আর তার পুরোটাই নাটককে ঘিরে। 

‘একটাই তুমি’—জোভান ও তটিনীর নতুন নাটক। ১৪ ফেব্রুয়ারিকে সামনে রেখে তৈরি হয়েছে এটি। এতে আয়ান হিসেবে আছেন ফারহান আহমেদ জোভান আর প্রেমিকা নীলা চরিত্রে অভিনয় করেছেন তটিনী।

এর গল্পটা এমন—অফিস থেকে ফিরতেই আয়ান অবাক। বাসায় কেমন যেন উৎসব উৎসব ভাব। গুরুগম্ভীর বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলে, ঠিকঠাক উত্তর পায় না। বাবাকে এড়িয়ে মায়ের কাছে যায় আয়ান, পাশে বসা ছোট বোন। আয়ান চেষ্টা করে ঘরে এমন উৎসবমুখর পরিবেশের হেতু। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবই সামনে আসতে থাকে।

সিএমভি’র ব্যানারে শুভ্র আহসানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাশরিকুল আলম।

নাটকটি সম্পর্কে নির্মাতার অভিমত এমন, ‘পারিবারিক আবহে অন্যরকম একটি মিষ্টি প্রেমের গল্প এটি।এমন নিখাদ প্রেমের গল্প সচরাচর দেখা যায় না। যেমনটা দেখাবেন এবার জোভান-তটিনী।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, সমু চৌধুরী, সবুজ সানী প্রমুখ। শিগগিরই এটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, ২০১১ সালে শোবিজে অভিষেক হয় জোভানের। গত একযুগ ধরে টানা কাজ করছেন। ছোটপর্দায় দুর্দান্ত কাজের পাশাপাশি সিনেমা ও ওয়েব কনটেন্টেও কাজ করছেন এ অভিনেতা। গত ১২ জানুয়ারি রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন জোভান। অভিনেতার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা।