‘সন্তানরা নিয়ে গিয়েছিল তাদের কাছে (বিদেশে)। কিন্তু সেখানে থাকতে পারিনি। আমি ফিরে এসেছি আমার মায়ের কাছে। আমার আরেক মা হলো এই দেশ’—কথাগুলো বললেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। পর্দায় যাকে আমরা মা হিসেবে বারংবার পাই। এমনকি সিনেমা-নাটকের শিল্পী-কলাকুশলী সবার কাছেই তিনি শ্রদ্ধার মানুষ, মা।
আজ ১২ মে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে মা দিবস। এই দিনটি ঘিরে ইনডিপেনডেন্ট ডিজিটাল সময় চেয়েছিল এই গুণী অভিনেত্রীর কাছে। তিনি দিবসটি ছাড়াও নানা প্রসঙ্গে কথা বলেছেন।
দিলারা জামান জানান, মায়ের যে সম্মান তিনি পেয়েছেন বা পান তা খুবই ভালো লাগে তাঁর। তবে দিবসটি নিয়ে তাঁর মত একটু আলাদা। তাঁর ভাষ্য, ‘মা দিবস উদযাপনের পক্ষপাতী আমি নই। আমরা বাঙালি মা চিরন্তন মা। আমরা পূর্বসূরিদের মাতৃত্ব বহন করে চলেছি। এটাকে আলাদা করে পাশ্চাত্য সংস্কৃতির মতো উদযাপনের অপেক্ষায় আমরা কোনো মা-ই থাকি না। সন্তানরা ‘মা’ বলে ডাকবে, সেটাতেই খুশি।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পুষ্পিতা পুষ্প। প্রযোজনায় নায়লা পারভীন পিয়া। তথ্যসমৃদ্ধ এ আয়োজনটি পুরোপুরি দেখতে পারবেন ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে।