বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘ফেরারি সুখ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ফজলুল হক আকাশ।
গল্পে উঠে এসেছে পারিবারিক সুখ-শান্তির প্রেক্ষাপট। মানুষের জীবনে সত্যিকার অর্থে কোনটির বেশি প্রয়োজন—সময়, টাকা না পরিবার? এর উত্তর খুঁজতে গিয়ে বের হয়ে আসে নানা পারিবারিক কাহিনী। যখন সময় অর্থ উপার্জন করার তখন পরিবারের মানুষ বৈধ-অবৈধ নানাভাবে অর্থ উপার্জন করে থাকে। কিন্তু পরিবারকে সময় দেয় না। জীবনের এক পর্যায়ে যখন পরিবারকে বেশি প্রয়োজন তখন সেই পরিবার আর কাছের থাকে না। জীবনে যখন অর্থ থাকে না তখন সুখ থাকে, আর যখন সবকিছু থাকে তখন আর সুখ থাকে না।
এমনই গল্পে আগামীকাল ১৮ আগস্ট থেকে বিটিভি-তে প্রচার শুরু হচ্ছে ফেরারি সুখ নাটকটি। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় এটি প্রচার হবে সপ্তাহের প্রতি রোব, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায়।
অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, এস এ হক অলিক, মাহমুদুল হক মিঠু, জয়রাজ, মিহি, মাসুম, সঞ্চিতা দত্ত, শারমিন, নীরব, সায়েম সামাদ, মোহাম্মদ রফিকসহ আরও অনেকে।