এবার ছোট পর্দায় শাকিবের ‘দরদ’

গত ১৫ নভেম্বর দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘দরদ’। নির্মাতা অনন্য মামুন নির্মিত প্যান ইন্ডিয়ান এই ছবি পরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হয়। মুক্তির প্রায় সাড়ে চার মাস পর এবার ছোট পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির।

আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের পর্দায় দরদ’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, যেকোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। আসন্ন ঈদ উপলক্ষ্যেও টেলিভিশন চ্যানেলটি ৮ দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা সাজিয়েছে। এ সকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তার মধ্যে অন্যতম ‘দরদ’। চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে এটি প্রচার হবে।

একটি দৃশ্যে শাকিব-সোনাল। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা দরদ। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের ওপরে। সেই দুলু মিয়া চরিত্রেই অভিনয় করেছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।

এতে শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। তাঁরা ছাড়াও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।