দীপ্ত টিভিতে চলছে বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে এটি। দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারছেন এই গ্রাউন্ডব্রেকিং রিয়্যালিটি শো।
দীপ্ত স্টার হান্টের ‘ট্যালেন্টেড টুয়েলভ’ পর্বে মোট ১২ জন প্রতিযোগী তাদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করে শীর্ষ দশে (টপ টেন) নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শফিউল রাজ, হাফিজ রহমান, শাকিব হোসেন, শিমুল বিশ্বাস, এম.এস.এইচ লাবন, সানজিদা চৌধুরী, নূপূর আহসান, মিষ্টি ঘোষ, ফারিহা রহমান, শেখ ফারিয়া হোসেন।
এই প্রতিযোগিতায় জুরি হিসেবে রয়েছেন তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলা। তাঁদের সঙ্গে অতিথি জুরি হিসেবে ট্যালেন্টেড টুয়েলভের দুই পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা গাজী রাকায়েত ও অভিনেতা সালাউদ্দিন লাভলু।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে, দীপ্ত স্টার হান্ট শুধু একটি প্রতিযোগিতা না, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ এই প্ল্যাটফর্ম থেকে বিজয়ীরা পাবেন সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ।
কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তাঁরা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।
দীপ্ত স্টার হান্ট সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি এবং নির্বাহী প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাইফুর রহমান সুজন। পরিচালনায় আছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।