৭ কিলোমিটার আয়তনের একটি গ্রাম। একসময় নাম ছিল পরাণপুর, এখন সবাই ডাকে পেইনপুর। তুচ্ছ কারণেই যেখানে ঝগড়া-বিবাদ বাঁধে। এমন পটভূমিতে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’।
গল্পে দেখা যাবে—গ্রামের বয়স্কা আয়নাল বিবির ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলে সুরুজ হঠাৎ ৩০ বছর পর ফিরে আসছে। এই খবর শুনে অস্থির হয়ে ওঠে তিন পরিবার, যারা এতদিন ওই বৃদ্ধাকে দেখাশোনা করেছে তার জমি-ভিটের লোভে। সুরুজ ফিরে এলে সম্পত্তির ভাগ-বাটোয়ারায় কী হবে—এ নিয়েই তাদের ভেতরে দুশ্চিন্তা আর কৌতূহল।
নাটকটির গল্প লিখেছেন জুয়েল এলিন এবং পরিচালনা করেছেন শামস করিম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরী, শফিক খান দিলু, ম আ সালামসহ আরও অনেকে।
পরিচালক শামস করিম বলেন, ‘এটি হাস্যরসাত্মক হলেও প্রতিটি মুহূর্তে নাটকীয়তা আছে। দর্শক যেমন বিনোদিত হবে, তেমনি আকৃষ্টও থাকবে। গ্রামীণ সমাজ-সংস্কৃতির নানা দিক এতে ফুটে উঠেছে।’
৭ কিলো ১ গ্রাম নাটকটি আজ রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে। প্রতি সপ্তাহে সোমবার থেকে বুধবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে এটি।