বিজয়ের মাসজুড়ে ‘যাত্রাপালা’

মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনীর আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সামাজিকমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠান।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধিত যাত্রা দলগুলো প্রদর্শনীতে অংশ নেবে। আগামী ১ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় পারফর্ম করবে যাত্রা দলগুলো। টিকিট মূল্য ১০০ টাকা। 

যাত্রাপালা প্রদর্শনীর পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শিল্পকলা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রদর্শনীর টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। 

এ ছাড়া বিজয়ের মাসব্যাপী প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গনে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।