পুরোনোকে বিদায় জানিয়ে স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩…। মঙ্গলবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের গানে গানে হলো বর্ষবরণ। সকাল সোয়া ৬টায় সমবেত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
নববর্ষ বরণে প্রভাতি আয়োজনে এবারের মূল ভাবনা‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। অনুষ্ঠান সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন শাহ, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে।
এছাড়াও রয়েছে লোকগান। এবারের আয়োজনে মোট ২২টি গানের মধ্যে ৮টি সম্মিলিত কণ্ঠে, একক কণ্ঠের গান ১৪টি। ছায়ানটের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পীসহ প্রায় ২০০ শিল্পী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।



