আচমকা ইমার্জেন্সি, শুটিং বাতিল! ভারতী সিংয়ের কোলে এলো দ্বিতীয় সন্তান

পরিবারে খুশির জোয়ার ভারতীয় টিভি কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী লেখক-প্রযোজক হর্ষ লিম্বাচিয়ার ঘরে। শুক্রবার দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ভারতী। স্বাভাবিক প্রক্রিয়াতেই জন্ম নিয়েছে তাঁদের দ্বিতীয় পুত্র সন্তান। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার সকালেই। হঠাৎ করে ভারতীর শারীরিক অস্বস্তি বেড়ে গেলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ওই দিন ভারতীর জনপ্রিয় শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ের কথা থাকলেও প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই আসে সুখবর।

এর আগে গত অক্টোবরে সুইজারল্যান্ড ভ্রমণের সময় দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আনেন ভারতী ও হর্ষ। এরপর থেকে নিয়মিত নিজের ইউটিউব ভ্লগে গর্ভাবস্থার নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতী। কখনো চিকিৎসকের কাছে যাওয়ার অভিজ্ঞতা, কখনো পারিবারিক আড্ডা—সবখানেই ছিল তাঁর চেনা হাস্যরস।

সম্প্রতি এক ভ্লগে মজার ছলেই ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়ে এই দম্পতি বলেন, তাঁদের নাকি একসঙ্গে তিনটি সন্তান হতে চলেছে। ‘ত্রয়ী’ শব্দটি শোনামাত্র ভারতীর পাল্টা প্রশ্ন, ‘আমি কি ভেড়া নাকি?’ সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

নভেম্বর মাসে গর্ভাবস্থার শুটিংয়ের একাধিক ছবি শেয়ার করেছিলেন ভারতী ও হর্ষ। এক ছবিতে হর্ষ লেখেন, ‘সবচেয়ে ছোট কিক, সবচেয়ে বড় অনুভূতি।’ আর ভারতীর ক্যাপশনে ছিল, ‘দ্বিতীয় বেবি লিম্বাচিয়া খুব শিগগিরই আসছে।’

গত সপ্তাহেই ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জমকালো বেবি শাওয়ারের আয়োজন করেন তাঁরা। সেখানে ছিল ‘শিশুর নামের পরামর্শ’ থেকে শুরু করে ‘ডাইপার পং’-এর মতো নানা মজার খেলাধুলা।

উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী ও হর্ষ। ২০২২ সালে জন্ম হয় তাঁদের প্রথম পুত্র লক্ষ্ম্যের, যাকে আদর করে ডাকা হয় ‘গোলা’। পারিবারিক ভ্লগে গোলা বেশ পরিচিত মুখ। আগের এক ভ্লগে ছোট ভাই বা বোনের নাম ‘কাজু’ রাখার প্রস্তাব দিয়েছিল গোলা।