ব্রাজিলের জয়ে বাংলাদেশি সমর্থকদের মনে বাধভাঙা উল্লাস! সাধারণ দর্শকদের পাশাপাশি উচ্ছ্বাসে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিকমাধ্যমে প্রিয় দলের জার্সি পরে ছবি, ভিডিও ও শুভেচ্ছাবার্তা শেয়ার করে উদযাপনে শামিল হয়েছেন তাঁরা।
চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিলের গাঢ় নীল জার্সি পরে একটি ছবি শেয়ার করেন। যেখানে বিজয়ের চিহ্ন দেখিয়ে দলটির প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।
চিত্রনায়ক শরীফুল রাজও শেয়ার করেছেন ব্রাজিল সমর্থনের একটি ছবি। বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে ব্রাজিলের বিশাল এক পতাকা ওড়ানোর সেই ছবিতে তাঁর গায়ে ছিল হলুদ জার্সি, বাহুডোরে একটি ফুটবল।
অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশও ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। প্রিয় দলের গাঢ় নীল জার্সি পরে একটি সেলফি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে শুধু ব্রাজিলের পতাকা আর ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।
অভিনেত্রী পারসা ইভানা হলুদ জার্সি পরে একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’
তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির একটি পোস্ট। ব্রাজিলের জার্সি পরে নিজের পাশে আর্জেন্টিনার জার্সি পরা অভিনেতা নিলয় আলমগীরকে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে রসিকতা করে লেখেন, ‘ওস্তাদের মার শেষ রাতে।’ একইসঙ্গে জাপানের সমর্থক আর্জেন্টিনা-ভক্তদের উদ্দেশে ‘জাপান্টিনা’ বলেও খোঁচা দেন তিনি।
হিমির সেই পোস্টের মন্তব্য ঘরে নিলয় আলমগীর মজা করে লেখেন, ‘আরেকটু হইলে দম বের হয়ে যাইতো!’ জবাবে অভিনেত্রী বলেন, ‘বলছে তোমারে!’
এদিকে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে ব্রাজিলের বিজয় উদযাপন করেন। একটি ভিডিওতে দেখা যায়, হাতে সবুজ-হলুদ রঙের ভুভুজেলা নিয়ে আনন্দে মেতে উঠেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘শুধুই ব্রাজিল, খেলা হবে ব্রাজিল।’
প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে ম্যাচের ২৯তম মিনিটে জাপানের কাইসু সানুর গোলে পিছিয়ে পড়লে সেলেসাও শিবিরে নেমে আসে হতাশা। কিন্তু ৫৬তম মিনিটে কাসেমিরোর সমতাসূচক গোলের পরই ছন্দে ফেরে ব্রাজিল। অবশেষে ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।