রাজধানীর বনানী এলাকা থেকে নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
ওসি জানান, আতিক জামান বনানী ২০ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। রাজনৈতিক মামলার অংশ হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আতিকের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর তাঁর মুক্তি দাবি করেছেন নির্মাতা রেদওয়ান রনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আতিকের পেশাগত সততা, মেধা ও নিষ্ঠার কথা তুলে ধরেন তিনি।
রেদওয়ান রনির মতে, নির্মাতা হিসেবে কাজ শুরু করার সময় থেকেই আতিক সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন। নির্মাণশিল্পে তাঁর মতো মেধাবী ও সৎ মানুষের দেখা মেলা কঠিন বলেও মন্তব্য করেন রনি। রাজনৈতিক জটিলতার সঙ্গে জড়িয়ে তাঁকে গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এই নির্মাতা।
পাশাপাশি আতিকের শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেন রেদওয়ান রনি। তাঁর আশঙ্কা, হয়রানিমূলক কোনো মামলায় বিনা অপরাধে জড়িয়ে পড়লে এই মেধাবী নির্মাতার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। পোস্টের শেষাংশে আতিকের মুক্তি দাবি করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ মুক্তি পায় আতিক জামান পরিচালিত ওয়েব ফিল্ম ‘মিউ’। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান এবং পোষা প্রাণীর প্রতি মানুষের মমত্ববোধের গল্প নিয়ে নির্মিত ছবিটি মুক্তির পর প্রশংসা পায়।
ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, আজিজুল হাকিম, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা।