এ প্রজন্মের আলোচিত নায়িকা জাহারা মিতু। কাজ করেছন একাধিক চলচ্চিত্রে। চলতি বছর তিনি শুটিং করেছেন নারী ক্রিকেটারের গল্পের সিনেমা ‘জার্সি নম্বর ১৬’তে। শুধুই অভিনয় নয়, শুটিংয়ে নামার আগে একেবারের হাতে কলমে ক্রিকেটটা শিখেছেন। বিখ্যাত ডেভিড স্যারের তত্ত্ববধানে করেছেন প্যাকটিস। তাই ক্রিকেটের প্রতি এই শিল্পীর ভালোবাসাটা যে বেশ—তা বলাই যায়।
আর এ কারণে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের সঙ্গে তার ছবি তৈরি করেছে কৌতূহল। তবে কি আরো বেশি নিজেকে ঝালিয়ে নিতে চান 'জয়বাংলা'খ্যাত এই নায়িকা?
উত্তরটা এলো 'না' বোধক। জানালেন এ স্থিরচিত্রের পেছনে যুক্ত আছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মূলত বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হয়েছেন জাহারা মিতু। যে প্রতিষ্ঠানের খেলাধুলা বিভাগের পরিচালক হলেন সাবেক এই টেস্ট ক্রিকেটার।
মিতু ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বললেন, 'বেলিম ভাই বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। টেস্ট ক্রিকেটে তার অনন্য নজিরের কথা আমরা ভুলবো না। মূলত প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি সাইনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।'
সাইনিং অনুষ্ঠানে মিতু। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
জানা যায়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিগগিরই শুরু হচ্ছে ক্রিকেট শো। যা রিপ্রেসেন্ট করবেন তিনি।
এদিকে মিতু জানালেন, 'জার্সি নম্বর ১৬'র কাজ অনেকটাই শেষের দিকে। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট আমার ভালোবাসার খেলা। এই ছবির গল্প গড়ে উঠেছে মূলত প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ের ক্রিকেটার হওয়ার সংগ্রামকে ঘিরে। আশা করি, দর্শকদের আবেগের সঙ্গে সিনেমার গল্পটি বেশ ভালোভাবে মানিয়ে যাবে।’
প্রসঙ্গত, জাহারা মিতু ক্যারিয়ারের শুরুতেই বড় ধরনের ব্রেক পেয়েছেন। শাকিব খানের বিপরীতে 'আগুন' ছবিতে কাজ করেছেন । অভিনয় করেছেন ওপার বাংলার তারকা দেবের বিপরীতেও। সেই ছবির নাম 'কমান্ডো'। এছাড়া কাজী হায়াতের 'জয়বাংলা' ছবিটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। গত রোজার ঈদে মুক্তি পায় বাপ্পি-মিতু অভিনীত 'শত্রু'।