ফ্ল্যাট দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে মাসখানেক ধরেই আলোচনায় টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। এবার এ মামলায় তাকে তলব করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিনেত্রীকে আগামী মঙ্গলবার বলা হয়েছে হাজিরা দিতে। সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, নুসরাতের সঙ্গে ওই সংস্থার পরিচালক রাকেশ সিংকেও তলব করেছে ইডি। তাকেও হাজিরা দিতে হবে মঙ্গলবার।
নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-১৫ সালে ৪০০'র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ নেওয়া হয় সাড়ে ৫ লাখ টাকা করে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই অর্থের বিনিময়ে তারা এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট পাবেন। কিন্তু তারা না পেয়েছেন কোনো ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন টাকা। নুসরাত ওই সংস্থার অন্যতম পরিচালক বলে দাবি করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
অভিযোগ প্রকাশ্যে আসার পর একটি সংবাদ সম্মেলন করেছিলেন অভিনেত্রী। সেখানে তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন তিনি। এমনকি সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন।
তবে সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেননি নুসরাত। পরে গণমাধ্যমে ওই সংস্থার পরিচালক রাকেশ জানান, নুসরাত তাদের সংস্থা থেকে কোনো ঋণ নেননি। নুসরাতের বক্তব্য শুনে তিনি স্তম্ভিত!