‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের মাধ্যমে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বাকি ছিল চলচ্চিত্রে, এবার সেটাও হলো। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি এই অভিনেতা। নির্মাতা প্রতিম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ঘরানার ‘চালচিত্র’ সিনেমায় দেখা যাবে তাঁকে।
জানা গেছে, আজ বুধবার থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে। এ সিনেমায় আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্তসহ অনেকেই।
প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে অপূর্ব বললেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’
চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক প্রতিম জানিয়েছেন সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।
সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। এর আগে এই প্রযোজনা সংস্থার ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।