মাত্রই চার হাত এক হয়েছে, নতুন জীবনে প্রবেশ করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী। একদিন না পেরোতেই মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরেই হাসপাতালে ছুটতে হলো পিয়াকে।
কারণ তাঁকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হবে। বেশ কিছু দিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল তাঁর। সেই কষ্ট কতটা অসহনীয়, তা জানিয়ে সামাজিকমাধ্যমে স্ট্যাটাসও দিয়েছিলেন পিয়া। সেই কষ্ট সহ্য করতে না পেরেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছে তাঁকে। তবে পিয়ার শারীরিক পরিস্থিতি এখন কেমন, সে বিষয়ে পরিবার বা পরমব্রতের তরফে কিছু জানানো হয়নি।
হিন্দুস্তান টাইমসের সূত্র মতে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ অস্ত্রোপচার শেষ হয়। ঘণ্টাখানেক ধরে চলে গোটা প্রক্রিয়া। পিয়া এখন একদম স্থিতিশীল রয়েছেন। তবে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তা স্পষ্ট নয়।
২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রেখে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ হয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে ফিরবেন পিয়া।
ওদিকে, পরম-পিয়ার বিয়ে নিয়ে সমাজমাধ্যমে কাটাছেঁড়ার শেষ নেই। পিয়ার সাবেক স্বামী সংগীতশিল্পী অনুপম রায়ের প্রতি ‘সমব্যথী’ অধিকাংশ। অনুপম-পিয়ার ডিভোর্সের সময় তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে এসেছিল পরমব্রতর নাম।
জানা যায়, দু’বছর ধরে গোপনে প্রেম-পর্ব চলছিল পরমব্রত-পিয়ার। দীর্ঘ ক্যারিয়ারে অজস্র নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে পরমব্রতর। ডাচ সুন্দরী ইকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে বসতেও বসা হয়নি। শেষ পর্যন্ত পিয়ার চোখেই নিজের সর্বনাশ দেখলেন পরমব্রত! ৪৩ বছর বয়সে আইবুড়ো নাম ঘোচালেন নায়ক।