শাহরুখের আদলে জন্মদিন পালন জিতের?

প্রত্যেক জন্মদিনে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাসা মান্নতের সামনে ভিড় করেন অনুরাগীরা। এবার তেমনটা দেখা গেল টলিউড অভিনেতা জিতের জন্মদিনেও!

মাঝরাতে এই তারকা বাড়ির সামনের রাস্তায় জড়ো হয় একদল যুবক। তাঁরা নায়কের ভক্ত। মনের সুখে বাজি পোড়াচ্ছেন। প্রিয় নায়ককে ৩০ নভেম্বর এভাবেই তাঁরা ভালোবাসা জানিয়েছেন। আর তাঁদের অবাক করে মধ্যরাতে বারান্দায় দেখা দিয়েছেন জিৎ! একমুখ হাসি নিয়ে হাত নেড়েছেন ভক্তদের উদ্দেশে।

এ ছাড়া শনিবার সকালে বাড়ির সামনে ভক্তের ঢল নামে। নির্দিষ্ট সময়ে সাদা-কালো শার্ট, কালো ট্রাউজার্সে বাড়ির দোতলার বারান্দায় এলেন জিৎ। এবার সঙ্গী স্ত্রী মোহনা, মেয়ে নবন্যা, ছেলে রোনাভ; ছিলেন বাবা ও ভাই। 

নায়ক হাত নাড়াতেই উল্লাস শুরু। এ সময় মাইক্রোফোন হাতে জিৎ বলেন, ‘আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে দেব, আর রাক্ষস নই যে মেরে দেব।’ এটি মূলত ‘শত্রু ১’-এর সংলাপ, ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘বস’ ছবির গান। এ সময় ভক্তদের সঙ্গে সেলফিও তুললেন জিৎ।

এখানেই শেষ নয়। অনুরাগীদের দেখা দিয়ে তিনি চলে যান বাড়ির একতলায়। সেখানে বড় টেবিলে রাখা নানা স্বাদের কেক। কোনোটা রেড ভেলভেট, কোনোটা চকোলেট, আবার কোনোটা ভ্যানিলা। জন্মদিনে কাটতে হলো একের পর এক কেক।

নিজের ৪৬তম জন্মদিনটা এভাবেই কাটালেন জিৎ। বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। সেখানেই শাহরুখের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।