ক’দিন আগে ভারতের রাজনৈতিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর থেকেই গুঞ্জন—তৃণমূল কংগ্রেস থেকে বিধানসভা নির্বাচনের টিকিট পেতে পারেন তিনি! এবার এই বিষয়ে মুখ খুললেন শ্রাবন্তী নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়—পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁকে প্রার্থী হিসেবে চান, তাহলে কি তিনি ভোটে দাঁড়াবেন?
উত্তরে শ্রাবন্তী বলেন, ‘সেটা আমি এখনই বলতে পারব না। তবে সেই সময় দলের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা করব। আমি রাজনীতির বিষয়ে খুব বেশি জানি না। যদি কখনও সুযোগ আসে, বা আমাকে যোগ্য মনে করা হয়, তাহলে আগে বিষয়টা বুঝব, নিজেকে রাজনীতির দিক থেকে প্রস্তুত করব, তারপরই সিদ্ধান্ত নেব। না হলে আমি যাব না।’
এরপরই নায়িকা বিজেপির হয়ে তাঁর ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতার কথা জানান। পাশাপাশি নায়িকা জানান যে, কেবল হেরে গিয়েছেন বলেই তিনি বিজেপি ছেড়ে দেননি, বরং অভিজ্ঞতা খুব একটা ভালো না থাকার কারণেই ছেড়েছেন। শ্রাবন্তীর কথায়, ‘আগে আমি হুট করে যেটা করেছিলাম এবার সেটা করব না। আমি ভেবেছিলাম আমি জিতব। ইচ্ছে ছিল যে বেহালা পশ্চিম আমার বাড়ি, আমিও ওখানেই ভোট দিই। সেই সবটা মিলিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম। কিন্তু জনসাধারণ যেটা ভেবেছেন তাই করেছেন, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। অনেকেই যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’
অভিনয়ের মঞ্চেও শ্রাবন্তী সক্রিয়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘রবীন্দ্র কাব্যরহস্য’, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দেবী চৌধুরাণী’, যেখানে শ্রাবন্তীর বিপরীতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।