উত্তম কুমারের স্মৃতিতে তৈরি হচ্ছে ফিল্ম সেন্টার

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের স্মৃতিকে সংরক্ষণে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার নামে কলকাতায় একটি অত্যাধুনিক ফিল্ম সেন্টার নির্মাণের পাশাপাশি ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’ সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার মহানায়কের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে আয়োজিত স্মরণসভায় এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে তিনি উত্তম কুমারের একটি ফাইবারের ভাস্কর্য ও স্মারক ফলকের উদ্বোধন করেন।

স্মরণানুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, জনপ্রতিনিধি, চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজন, আর্টিস্ট ফোরামের সদস্য এবং উত্তম কুমারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সবাই মহানায়কের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর রাজ্যজুড়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। সেই আয়োজনের অংশ হিসেবেই নির্মিত হবে আধুনিক ফিল্ম সেন্টার।

এছাড়া কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে থাকা ‘উত্তম মঞ্চ’-এর সংস্কার ও আধুনিকীকরণের দায়িত্বও সরকার গ্রহণ করেছে। প্রস্তুতি পর্বে শিগগিরই রবীন্দ্র সদন অথবা নন্দনে একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় জন্মশতবার্ষিকী উদযাপনের মূল কমিটিও গঠন করা হবে।

শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিন ধরেই শিল্পী, সংস্কৃতিকর্মী ও ভক্তরা মহানায়কের জন্মদিন রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই সরকার এই উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, উত্তম কুমারকে ঘিরে সব ধরনের আয়োজন তার পরিবারের সম্মতি ও সহযোগিতায় সম্পন্ন করা হবে।