দিন কয়েক আগে খবর প্রকাশ হয়—কলকাতার সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে নতুন ছবি করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে বেশ চটে যান নায়ক। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি অভিনয় করছেন না, এমনকি তার সঙ্গেও কেউ যোগাযোগ করেননি। বিষয়টি ‘ডাহা’ মিথ্যা!
তবে আজ (৩০ আগস্ট) ঘটলো উল্টো! সেই সায়ন্তিকাকে নিয়েই কক্সবাজারে উড়াল দিলেন এই চিত্রনায়ক।
কলকাতা থেকে আজ ঢাকায় এসেছেন সায়ন্তিকা। সকালে তাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ। এরপর তারা রওনা দেন কক্সবাজারের উদ্দেশে। সেখানেই শুরু হচ্ছে সিনেমার শুটিং। তাদের নতুন সিনেমার নাম ‘ছায়াবাজ’। এটি নির্মাণ করছেন তাজু কামরুল।
জায়েদ খান বলেন, ‘সায়ন্তিকা কিন্তু কলকাতার পরীক্ষিত, সফল নায়িকা। জিৎ, দেবের মতো তারকার সঙ্গে অনেক হিট ছবিতে কাজ করেছেন। তো তার সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি, এটা অবশ্যই ভালো লাগার বিষয়।’
কিন্তু কিছুদিন আগে তো আপনিই বলেছিলেন খবরটি মিথ্যা; তাহলে এখন—এমন প্রশ্নে এই অভিনেতা বললেন, ‘আমি নিজেও বিষয়টি নিশ্চিত ছিলাম না। পরে কথা চলছিল। তিন দিন আগে আমি লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছি।’
সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে সে বিষয়টি এখন চূড়ান্ত নয়। আপাতত শুটিংয়ে মনোযোগ দিতে চান জায়েদ।